সংগৃহীত
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমসি বাবুরবাজার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে কাশফিয়া স্পোর্টিং ক্লাব, পাচাউন এবং মেডিসিন গ্যালারী স্পোর্টিং ক্লাব, ভূনবীর মুখোমুখি হয়। খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে ভিড় জমান।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলায় অবতীর্ণ হয়। পাল্টাপাল্টি আক্রমণ ও দৃষ্টিনন্দন পাসিংয়ে খেলা জমে ওঠে। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। শেষ পর্যন্ত ট্রাইবেকারে ২-০ গোলে জয় নিশ্চিত করে কাশফিয়া স্পোর্টিং ক্লাব, পাচাউন। শিরোপা জয়ে খেলোয়াড় ও সমর্থকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
খেলা শেষে বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানারআপ দলকে একটি টেলিভিশন ও ট্রফি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর মো. শের আলী হেলাল চৌধুরী, এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম ইউকে’র সভাপতি সাইফুল আক্তার লিখন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মো. শাহজাহান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মো. ইমাদ উদ্দিন ও দৈনিক নয়াদিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রাকিব।
এছাড়াও আয়োজক সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।সার্বিকভাবে প্রাণবন্ত আয়োজন ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি পরিণত হয় এক স্মরণীয় ক্রীড়া উৎসবে।
জৈন্তাবার্তা/সুলতানা




