শ্রীমঙ্গলে ড্রেন খননের সময় উদ্ধার মর্টার শেলের অংশ, এলাকায় চাঞ্চল্য
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫১ AM

শ্রীমঙ্গলে ড্রেন খননের সময় উদ্ধার মর্টার শেলের অংশ, এলাকায় চাঞ্চল্য

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৬ ১০:৫৫:০২ PM

শ্রীমঙ্গলে ড্রেন খননের সময় উদ্ধার মর্টার শেলের অংশ, এলাকায় চাঞ্চল্য

ছবিঃ নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ড্রেন খননের সময় মাটির নিচ থেকে পরিত্যক্ত একটি মর্টার শেলের অংশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গানগর গ্রামের কৃষক শহিদ মিয়া বাড়ির পাশে ড্রেন (খাল) খননের কাজ করছিলেন। এ সময় মাটির নিচে একটি ভারী ধাতব দণ্ডসদৃশ বস্তু দেখতে পান। প্রথমে সেটি লোহার টুকরা মনে হলেও পরে বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে—এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলের অংশটি উদ্ধার করে এবং যেখানে বস্তুটি পাওয়া গেছে, সেই স্থানটি ঘিরে রাখা হয়েছে।

পুলিশ জানায়, বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দল না আসা পর্যন্ত শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সেখানে অবস্থান করবে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু বলেন, “সোমবার সকালে সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর এলাকায় এক কৃষক ড্রেন খননের সময় মাটির নিচে থাকা একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে গ্রামের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সেটি পর্যবেক্ষণ করে মর্টার শেলের অংশ বলে ধারণা করেন এবং পুলিশকে খবর দেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।”

ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা