শ্রীমঙ্গলে সাংবাদিকের ওপর দুই দফা হা*মলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৩ AM

শ্রীমঙ্গলে সাংবাদিকের ওপর দুই দফা হা*মলা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ০৩:১০:৫২ PM

শ্রীমঙ্গলে সাংবাদিকের ওপর দুই দফা হা*মলা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দফায় হামলার শিকার হয়েছেন সাংবাদিক বিকুল চক্রবর্তী। শুক্রবার শহরতলির সবুজবাগ আবাসিক এলাকার শ্মশানঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি শনিবার দুইজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী বিকুল চক্রবর্তী একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি। থানায় দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, সবুজবাগে শুক্রবার বিকেলে দোল উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠানে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিবুল্লাহ আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ অন্যরা। তাদের সঙ্গে মঞ্চে ছিলেন বিকুল।

ম্যাজিস্ট্রেট মুহিবুল্লাহ আকন্দের বক্তৃতা চলাকালে সবুজবাগের সুব্রত চক্রবর্তী সাংবাদিক বিকুল চক্রবর্তীকে ‘আওয়ামী লীগের দালাল’ ও ‘বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন’ করছে উল্লেখ করে তাঁর ওপর আক্রমণ করতে যান। এ সময় মঞ্চে থাকা ইউপি সদস্য ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক পিয়াস দাশ তাকে ঠেকান। পরে সুব্রতকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন তিনি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তখন সুব্রত আবারও মঞ্চে বিকুল চক্রবর্তীর ওপর আক্রমণ করতে আসেন। আবারও তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। অতিথিরা চলে যাওয়ার পর শ্মশানঘাটের সড়কে দলবল নিয়ে বিকুল চক্রবর্তীর ওপর হামলা চালান সুব্রত। এ সময় তিনি সামান্য আহত হন। পরে তিনি থানায় অভিযোগ দেন।

বিকুল চক্রবর্তী বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কে দিতে ফেসবুকে মিথ্যা-বানোয়াট তথ্য ছড়াচ্ছে। দুষ্কৃতকারীরা আগেও ব্যক্তিগত ঈর্ষা থেকে আমার অফিস, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।

এ বিষয়ে সুব্রত চক্রবর্তীর বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, ঘটনাটি খুবই ন্যক্কারজনক। আমরা আশা করিনি এত সুন্দর একটা অনুষ্ঠানে ওই ছেলেটি এমন বিশ্রী ঘটনা ঘটাবে।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, তারা হামলার লিখিত অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর