সংগৃহীত
দেশের নাট্যচর্চার অন্যতম শীর্ষদল থিয়েটার আট ইউনিট বছরের শুরুতে মঞ্চে নতুন নাটক ‘বলয়’। দলটি ৪০ তম এই প্রযোজনাটি প্রথম মঞ্চায়নেই সাড়া জাগিয়েছে ঢাকার নাট্য-দর্শকদের মাঝে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণীখ্যাত বেইলি রেডের মহিলা সমিতি মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বলয়’ নাটকটির আরেকটি নিয়মিত প্রদর্শনী।শিক্ষার্থীদের মাঝে মঞ্চনাটক দেখার আগ্রহ ও অভ্যাস তৈরিতে থিয়েটার আর্ট ইউনিট গ্রহণ করেছে ব্যতিক্রমী এক উদ্যোগ। দলের সমন্বয়ক কামরুজ্জামান মিল্লাত এ বিষয়ে বললেন, আমরা দেখেছি দেশে গ্রুপ থিয়েটার চর্চার সূচনাকালে একে বেগবান করে তুলতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা করেছেন। কিন্তু শিক্ষার্থীদের মাঝে থিয়েটার নিয়ে আগ্রহে ভাটা পড়েছে। অথচ প্রজন্ম থেকে প্রজন্মে গ্রুপ থিয়েটার আন্দোলনের চেতনাকে ছড়িয়ে এতে শিক্ষার্থী অর্থাৎ তারুণ্যের অংশগ্রহণ জরুরি। স্টুডেন্টদের মঞ্চনাটক দেখা ও মঞ্চনাটকের প্রতি আগ্রহী করে তুলতে থিয়েটার আর্ট ইউনিট একটি উদ্যোগ গ্রহণ করেছে। নাটক দেখতে আসা শিক্ষার্থীদৈর জন্য আমরা দিচ্ছি বিশেষ ছাড়। আইডি কার্ড দেখালেই যে কোনো স্টুডেন্ট নাটকের টিকিটে পাবেন ৫০% ডিসকাউন্ট।
থিয়েটার আর্ট ইউনিটের নাটক নাটক ‘বলয়ের’ কাহিনী গড়ে উঠেছে বৃত্তে আবদ্ধ মানবসত্তার বৃত্ত ভাঙার আকুতি এবং বাস্তবতার টানাপড়েনকে ঘিরে।তিনটি চরিত্রকে কেন্দ্র করে এগিয়ে যায় গল্প। তাদের একজন রাজনীতিক, অন্যজন ধর্মতাত্ত্বিক এবং অপরজন বিজ্ঞান চিন্তক। তারা তিনজনই এসেছে মনোবিশ্লেষকের কাছে কাউন্সেলিংয়ের জন্য। তাদের উপলব্ধি একইরকম, প্রত্যেকেই তারা আপন বলয়ে আবদ্ধ। হাঁপিয়ে উঠেছে তারা, আর পেরে উঠছে না । তারা পরিত্রাণ চায়। বলয় মুক্ত জীবন চায়। কাউন্সেলিংয়ের ফাঁকে বের হয়ে আসে তাদের না বলা কথা। উপলব্ধির কথা। বিজ্ঞান ধর্ম রাজনীতির কথা।
‘বলয়’ নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন মোকাদ্দেম মোরশেদ। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, এক বলয় থেকে অন্য বলয়ে আমরা স্থানান্তরিত হয়েছি। বলয় কিন্তু রয়েই গেছে। বলয় থেকে বলয়ে গমন অথবা আটবকে পড়া বলয়ে পুঞ্জিভূত ক্ষোভের স্পন্দন, অনুকূলে বা প্রতিকূলে মুক্তিহীন বলয়বন্দী বহমান এই জীবন- এ উপলব্ধিই 'বলয়' নাটকের চিন্তা সূত্র।
নাটকের আলোক পরিকল্পনা করেছেন সুদীপ চক্রবর্তী। আবহ পরিকল্পনায় রয়েছেন সেলিম মাহবুব। প্রযোজনা অধিকর্তার দায়িত্বে রয়েছেন কামরুজ্জামান মিল্লাত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন - মাহমুদা হোসেন ভাবনা, নাহিদ সুলতানা লেমন, রানা সিকদার, রেজাউল আমিন সুজন, স্বাধীন শাহ, কামরুজ্জামান মিল্লাত, সেলিম মাহবুব, হাসনাত প্রদীপ, মোকাদ্দেম মোরশেদ, নাওমী, মেহেরুবা,ফারহানা প্রমুখ।
জৈন্তাবার্তা/সুলতানা




