জুড়ীতে 'কৃষক কার্ড' বিতরণে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৬ AM

জুড়ীতে 'কৃষক কার্ড' বিতরণে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০১:০৫:১৪ PM

জুড়ীতে 'কৃষক কার্ড' বিতরণে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী


কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের বিভিন্ন সেবার আওতায় আনার লক্ষ্যে সরকারের বিশেষ উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ চালু করা হচ্ছে। আগামী ১৪ এপ্রিল, অর্থাৎ পহেলা বৈশাখের দিন দেশের ১০টি জেলার বিভিন্ন উপজেলায় আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের ১০টি জেলার মধ্যে এ কার্যক্রমে স্থান পেয়েছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা। ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে জুড়ী উপজেলার কৃষকদের মাঝে 'কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এদিকে, শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পূর্ব প্রস্তুতি পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার ওসি মিনহাজ উদ্দিন, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম শেলু, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি প্রাতিষ্ঠানিক পরিচয়ের আওতায় এনে সরকারি সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর