মানসম্মত শিক্ষা নিশ্চিতে নেওয়া হবে আরও উদ্যোগ: সিসিক প্রশাসক
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪২ PM

মানসম্মত শিক্ষা নিশ্চিতে নেওয়া হবে আরও উদ্যোগ: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ১০:০৬:৪২ PM

মানসম্মত শিক্ষা নিশ্চিতে নেওয়া হবে আরও উদ্যোগ: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরের শিক্ষা খাতের উন্নয়নে সিটি কর্পোরেশন ইতোমধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে এবং ভবিষ্যতে এ খাতে আরও বিস্তৃত উদ্যোগ নেওয়া হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন, আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরের ৮ নম্বর ওয়ার্ডে সিসিক পরিচালিত বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি ৮ নম্বর ওয়ার্ডের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়তে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং সময়মতো গৃহকর পরিশোধে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান।

এছাড়া উপস্থিত ছিলেন শাহ খুররম ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস শহীদ, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক বাচ্চু মিয়া, সাবেক কাউন্সিলর মো. রিয়াজ আহমদ ও রেবেকা বেগম রেনু, সিসিকের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলওয়ার হোসেন জয়, সাবেক মেম্বার তারেক মিয়া, সৈয়দ বদরুল আলম, কাউছার আহমদ, মো. মিনহাজ পাঠান, মো. ফয়জুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের আগে সিসিক প্রশাসক ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ