২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ AM

২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ১০:৫৪:৪৫ PM

২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন, যা চলবে ১৯ মে পর্যন্ত। এ সময়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৮ হাজার ৫৫০ জন শিশুকে এক ডোজ করে এমআর টিকা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরভবনে আয়োজিত এক উদ্বুদ্ধকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা নাগরিকদের মৌলিক অধিকার এবং সরকার তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আজকের শিশুরাই দেশের ভবিষ্যৎ-তাদের সুস্থ ও নিরাপদ রাখতে সময়মতো টিকা প্রদান নিশ্চিত করা জরুরি।

সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে সিসিক প্রশাসক বলেন, অনেক সময় অভিভাবকদের অজ্ঞতার কারণে শিশুরা টিকা থেকে বঞ্চিত হয়। তাই কোনো শিশুই যেন নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর। এছাড়া বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও ডা. ফজলুল কাদের।

ডা. জাহিদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এমআর টিকা প্রদান করা হবে। পূর্বে টিকা গ্রহণ বা হাম-রুবেলায় আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলেও এই বয়সসীমার প্রতিটি শিশুকে ক্যাম্পেইন চলাকালে টিকা নিতে হবে।

তিনি আরও জানান, টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপ (VAXEPI)-এর মাধ্যমে অনলাইন নিবন্ধন করা যাবে। তবে নিবন্ধন ছাড়াও সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার সুযোগ থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্থাপিত টিকাকেন্দ্রে টিকা প্রদান করা হবে। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা শিশুদের জন্য স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। কোনো কারণে নির্ধারিত কেন্দ্রে টিকা নিতে না পারলে নিকটস্থ অন্য কেন্দ্র থেকেও টিকা গ্রহণ করা যাবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ