গ্রামীণ সড়ক উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৪ PM

বড়লেখায় দুই গ্রামীণ সড়কের আরসিসি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি

গ্রামীণ সড়ক উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ০৮:১৭:৩৭ PM

গ্রামীণ সড়ক উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে

সংগৃহিত


মৌলভীবাজারের বড়লেখায় দুইটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের আরসিসি (রিজিড কংক্রিট) উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

নির্মাণাধীন সড়ক দুটি হলো- বড়লেখা হাজীগঞ্জ বাজার (রেলওয়ে স্টেশন) থেকে তালিমপুর ইউনিয়ন পরিষদ অফিস সড়ক এবং কাঠালতলী (আরএইচডি) থেকে আজিমগঞ্জ হয়ে তেরাকুঁড়ি সড়ক। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ সড়কগুলোর নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে বড়লেখা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জালাল আহমদ।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির উদ্দিন আহমেদ বলেন, সরকার গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়ক উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রকল্প নেওয়া হচ্ছে। বড়লেখা ও জুড়ী উপজেলায় ১৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ইতোমধ্যে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে, যা দ্রুত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

এমপি বলেন, অতীতে যেমন সিলেট অঞ্চলের উন্নয়ন হয়েছে, বর্তমান সরকারও সেই ধারা অব্যাহত রাখবে। শিগগিরই সিলেট অঞ্চলের সংসদ সদস্য ও মন্ত্রীদের সমন্বয়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে বৈঠক অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জৈন্তা বার্তা / ওয়াদুদ