ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক, পিক-আপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় টুকেরবাজার থেকে মিছিলটি শুরু হয়ে সিলেট–কোম্পানীগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় পরিণত হয়।
সভায় বক্তারা শ্রমিকদের ওপর প্রশাসনিক হয়রানি ও নির্যাতন বন্ধের দাবি জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাথর কোয়ারি দ্রুত খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
কোম্পানীগঞ্জ ট্রাক, পিক-আপ ও কাভার্ডভ্যান শ্রমিক সংগঠনের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি স্বপন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি কাউসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, পাথর ব্যবসায়ী মোরশেদ আলম এবং ট্রাক মালিক সমিতির কোষাধ্যক্ষ বাদল হোসেন জুলহাসসহ অন্যান্য শ্রমিক নেতারা।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও জীবিকার স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




