ছবি:সংগৃহীত
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের পছন্দের একটি সরকারের জন্য অপেক্ষা করেছে এবং বর্তমান সরকারের কার্যক্রমে সেই প্রত্যাশা ও স্বপ্নের প্রতিফলন ঘটেছে।
শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অসুবিধার আশঙ্কা নেই। তিনি বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতির আলোকে সিলেটে ইতোমধ্যে বাস্তব উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে, যার একটি সামগ্রিক চিত্র প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে স্পষ্ট হবে।
এ সময় তিনি আরও বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি-দাওয়া ও প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




