ছবি:সংগৃহীত
মহান মে দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ভূমির অধিকার বাস্তবায়নসহ শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরেন নেতৃবৃন্দ।
শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার ভাড়াউড়া চা-বাগানের দুর্গামন্দির প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন, জেমস ফিনলে চা কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী, ইউনিয়নের সহসভাপতি পংকজ কথা কন্দ এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা প্রমুখ।
সমাবেশে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে বালিশিরা ভ্যালির বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক ও ট্রাক্টরে করে হাজারো শ্রমিক ভাড়াউড়া চা-বাগানে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে উপচে পড়া ভিড় দেখা যায়। পরে বিকেল সাড়ে তিনটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেড় থেকে দুই শতাব্দী ধরে চা-বাগানে বসবাস করলেও শ্রমিকরা এখনো ভূমির অধিকার থেকে বঞ্চিত। তারা যাযাবরের মতো জীবনযাপন করছেন এবং বাগানের স্বাস্থ্যসেবার মান অত্যন্ত নিম্নমানের। দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার দাবি করলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ানো, নারী শ্রমিকদের জন্য পর্যাপ্ত টয়লেট ও স্যানিটারি সুবিধা নিশ্চিত করা জরুরি। মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, বৃষ্টিতে কাজের জন্য রেইনকোট সরবরাহ এবং গর্ভাবস্থায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানান তারা।
সভাপতির বক্তব্যে বিজয় হাজরা বলেন, প্রতি বছর মে দিবসে দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয় না। ঝড়-বৃষ্টি ও দুর্যোগের সময় চা-শ্রমিকদের জন্য আশ্রয়কেন্দ্র না থাকায় তারা চরম দুর্ভোগে পড়েন। দ্রুত আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানান তিনি।
প্রধান অতিথি সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, চা-শ্রমিকদের উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং বিষয়টি সংসদেও একাধিকবার তুলে ধরেছেন। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে তাদের কল্যাণে কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




