৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৫ PM

৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ০৬:৫৫:৩১ PM

৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

সংগৃহিত


দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তির দুয়ার পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৬ মে থেকে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে জোর আলোচনা চলছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ভিসা জটিলতা ও অচলাবস্থার অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২ মে) ভারতের কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক কর্তার বরাতে এই ইতিবাচক সম্ভাবনার কথা জানা গেছে। 

সূত্রমতে, ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে রয়েছে। ভিসা সংক্রান্ত এই বিষয়টি পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে, যার নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি দ্রুত সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রতিবেদন এবং প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) সবুজ সংকেত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে নীতিগত পর্যায়ে যোগাযোগ কয়েক গুণ বেড়েছে। গত ৭ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফরকালে ভিসা প্রক্রিয়া সহজ ও স্বাভাবিক করার বিষয়টি নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার পর্যটক ভিসা চালুর বিষয়টি বাস্তব রূপ নিতে যাচ্ছে।

বাংলাদেশি পর্যটকদের আগমনের খবরে কলকাতার পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে সেখানকার হোটেল, রেস্তোরাঁ ও কেনাকাটার ব্যবসায় যে স্থবিরতা নেমে এসেছিল, ভিসা চালু হলে তা আবারও ঘুরে দাঁড়াবে বলে তারা বিশ্বাস করেন। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যটকদের অবাধ যাতায়াত দুই দেশের অর্থনীতিতেই গতি আনবে।

জৈন্তাবার্তা/সুলতানা