সোনাই নদীতে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ PM

সোনাই নদীতে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৯:৩৫:৫৫ PM

সোনাই নদীতে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বৃদ্ধ আব্দুল মন্নান মনু মিয়ার (৭০) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মন্নান মাধবপুর উপজেলার বাসিন্দা। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা নাসিরনগরে গিয়ে লাশটি শনাক্ত করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোনাই নদীতে প্রচুর লাকড়ি ভেসে আসছিল। আব্দুল মন্নান সেই লাকড়ি সংগ্রহ করতে নদীর তীরে নামেন। এসময় নদীর প্রবল স্রোতের মুখে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। ঘটনার পর থেকেই স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা সোনাই নদীসহ আশপাশের বিভিন্ন জলাশয়ে ব্যাপক তল্লাশি চালান, কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজের পাঁচ দিন পর মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলার একটি বিলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও জনপ্রতিনিধিদের খবর দেন। খবর পেয়ে নিখোঁজ আব্দুল মন্নানের স্বজনরা সেখানে গিয়ে লাশটি তাঁর বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই এলাকাবাসীর সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। অবশেষে পাঁচ দিন পর পার্শ্ববর্তী জেলার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করার পর লাশটি বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা