বি/তর্কের পর সিলেট থেকে ডা. নিয়াজুর রাঙামাটি বদলি, ডা. সুবর্ণাকে জগন্নাথপুরে
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ AM

বি/তর্কের পর সিলেট থেকে ডা. নিয়াজুর রাঙামাটি বদলি, ডা. সুবর্ণাকে জগন্নাথপুরে

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ১১:৪৯:১৬ PM

বি/তর্কের পর সিলেট থেকে ডা. নিয়াজুর রাঙামাটি বদলি, ডা. সুবর্ণাকে জগন্নাথপুরে

ছবি:সংগৃহীত


সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ের বহুল আলোচিত উপপরিচালক মো. নিয়াজুর রহমানকে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বদলি করা হয়েছে। একই সময়ে তার দ্বিতীয় স্ত্রী ও সিলেট সদর উপজেলার মেডিকেল কর্মকর্তা ডা. সুবর্ণা রায় তুলিকে সিলেট থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরে বদলি করা হলেও তিনি এখনো সেখানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে মো. নিয়াজুর রহমানকে সিলেট থেকে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক পদে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ মকবুল হোসেন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিয়াজুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ৪ সেপ্টেম্বর থেকে তিনি ‘তাৎক্ষণিক অবমুক্ত’ বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট ডা. সুবর্ণা রায় তুলিকে সিলেট থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বদলি করা হয়। বিষয়টি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা নিশ্চিত করেছিলেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১৮ আগস্টের মধ্যে ডা. সুবর্ণার জগন্নাথপুরে যোগদানের কথা ছিল। তবে প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনো জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জগন্নাথপুর হাসপাতালসংলগ্ন পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পাওয়া যায়নি। এ সময় অফিস সহকারী নির্মল দেবনাথ জানান, ডা. সুবর্ণা রায় তুলি এখনো জগন্নাথপুরে যোগদান করেননি।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জগন্নাথপুরে যোগ না দিয়ে গত ২৫ আগস্ট ডা. সুবর্ণা সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগদান করেছেন।

এদিকে সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়কে ঘিরে মো. নিয়াজুর রহমান ও ডা. সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ ওঠে আসছিল। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বদলি ও পদায়নে প্রভাব বিস্তার, কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি, কর্মস্থলে অনুপস্থিতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ