নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিক্ষকতার মর্যাদা বাড়ানোর তাগিদ এমপি সেলিম ভূঁইয়ার; নারীশিক্ষা সম্প্রসারণের আহ্বান সিসিক প্রশাসকের

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ১২:১১:০৭ পূর্বাহ্ন

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ

ছবি:সংগৃহীত


নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। রোববার (১৫ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকতা পেশার মর্যাদা বৃদ্ধি এবং নারীশিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে শিক্ষকদের উপযুক্ত বেতন, সামাজিক মর্যাদা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে। সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন সমান করার পাশাপাশি তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, শিক্ষকতা মহান পেশা। এ পেশার মর্যাদা ও সুযোগ-সুবিধা বাড়ানো না হলে ভবিষ্যতে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের শিক্ষকতায় আগ্রহী করা কঠিন হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা ও পেশাগত উন্নয়নে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিক্ষকদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে সব স্তরের শিক্ষকদের মধ্য থেকে অন্তত একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো হবে। এটি শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধিতে ইতিবাচক উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ সিলেটে নারীশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নগরীর দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটির অবদান রয়েছে।

তিনি বলেন, অতীতে সামাজিক ও পারিবারিক রক্ষণশীলতার কারণে সিলেট অঞ্চলে নারীদের শিক্ষার সুযোগ সীমিত ছিল। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে ধীরে ধীরে এ অবস্থার পরিবর্তন হয়েছে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষাবর্ষে সিলেটের লীলা নাগের অংশগ্রহণ এ অঞ্চলের নারীশিক্ষার ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা।

সিসিক প্রশাসক আরও বলেন, বর্তমানে নারীরা প্রশাসন, সিভিল সার্ভিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান, দক্ষতা ও প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার যোগ্যতা অর্জনে প্রস্তুত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক। কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেটের পরিচালক অধ্যাপক দিদার চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, রোটারিয়ান রাসেল মাহবুব, সহকারী অধ্যাপক এম এ বায়েছ এবং শিক্ষার্থী নাদিয়া ইসলাম ও তুনাত জিনাত নাজু।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী