নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ AM

নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ১১:২৫:৫৬ PM

নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সম্পূর্ণ নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে পরিচালিত বিশেষায়িত মাতৃত্বসেবা নারীদের মধ্যে স্বস্তি ও আস্থা বাড়াবে। একই সঙ্গে এ উদ্যোগ সিলেটের স্বাস্থ্যসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফিতা ও কেক কাটার মাধ্যমে বিশেষায়িত এই সেবা ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মাউন্ট এডোরার এই উদ্যোগের ফলে নারী রোগীরা নারী চিকিৎসক ও সম্পূর্ণ নারী মেডিকেল টিমের তত্ত্বাবধানে সিজারিয়ান সেকশন ও নরমাল ডেলিভারি সেবা গ্রহণ করতে পারবেন। মাতৃত্বকালীন সময়ে নারীদের মানসিক স্বস্তি, নিরাপত্তা ও আস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ চালু করা একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম। নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে বিশেষায়িত এই সেবা চালুর মাধ্যমে মাউন্ট এডোরা নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এ নিরাপত্তাকর্মী থেকে শুরু করে চিকিৎসক ও অভিজ্ঞ মেডিকেল টিমের সবাই নারী। ফলে প্রসবকালীন সময়ে নারী রোগীরা আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা অনুভব করবেন।

তিনি জানান, সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যানেসথেশিওলজিস্ট ও ব্যবস্থাপনার সহযোগিতায় তুলনামূলক কম খরচে সিজারিয়ান ও নরমাল ডেলিভারির জন্য সাশ্রয়ী প্যাকেজসহ বিভিন্ন সেবা প্যাকেজ চালু করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মতিউর রহমান বলেন, সিলেট অঞ্চলের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মায়ের জন্য স্বাচ্ছন্দ্য ও নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই বিশেষায়িত ইউনিট চালু করা হয়েছে।

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন এবং মাউন্ট এডোরা ফার্টিলিটি সেন্টারের পরিচালক ডা. কিশোয়ার পারভীন বলেন, সিলেটের অধিকাংশ নারী রোগী নারী চিকিৎসকের কাছে গাইনি সেবা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অনেকের যে দ্বিধা বা অস্বস্তি রয়েছে, তা দূর করে নারীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের পরিচালক অধ্যাপক ডা. এম এ আহবাব, পরিচালক ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, পরিচালক ডা. মো. বাকি বিল্লাহ, সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহিনারা ইসলাম মেরিন, চিফ অপারেটিং অফিসার ডা. তানভীরুজ্জামানসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা মাউন্ট এডোরা হাসপাতালের নবনির্মিত ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ ইউনিটের বিভিন্ন কক্ষ, অপারেশন থিয়েটার ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম পরিদর্শন করেন। এ সময় তারা হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ