সিলেটে বিএনপি নেতার ৫১ লাখ টাকা ছি*নতাই: গ্রে*প্তার ৯
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০১ PM

সিলেটে বিএনপি নেতার ৫১ লাখ টাকা ছি*নতাই: গ্রে*প্তার ৯

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ০৯:০১:০৮ PM

সিলেটে বিএনপি নেতার ৫১ লাখ টাকা ছি*নতাই: গ্রে*প্তার ৯

সংগৃহিত


সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি ও বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর মো. নাসিম হোসাইনের প্রায় ৫১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার প্রতিষ্ঠানের কয়েকজন কর্মীর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।

শনিবার (৯ মে) দুপুরে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল জানায়, ঘটনার পরপরই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ সুরমার শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের (২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)।

পুলিশ জানিয়েছে, শাহেদ আহমদ বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার। এছাড়া আদনান, আবু তাহের ও রুপায়ন বিশ্বাস ডিএসও হিসেবে দায়িত্ব পালন করতেন।

জানা গেছে, শুক্রবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন বিকাশ এজেন্টের কাছে পৌঁছে দিতে কর্মীদের মাধ্যমে মোট ৮১ লাখ ৮২ হাজার টাকা পাঠান নাসিম হোসাইন। সকাল পৌনে ১১টার দিকে টাকাবাহী প্রাইভেটকারটি মোগলাবাজার থানার পারাইরচক লালমাটিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি গাড়ি থামানোর সংকেত দেয়।

এসময় গাড়ির গতি কমানো হলে দুর্বৃত্তরা ভয়ভীতি দেখিয়ে ও একজন কর্মীকে মারধর করে পাঁচটি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে গাড়ির গতি কমিয়ে ছিনতাইকারীদের সুযোগ করে দেওয়া হয়েছিল। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা স্কর্ট সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাদের ভূমিকাও সন্দেহের মধ্যে এসেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ছিনতাইকারীদের সঙ্গে যোগসাজশ করে ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে এবং বিকাশের কয়েকজন কর্মী এতে জড়িত থাকতে পারেন।

এ বিষয়ে নাসিম হোসাইন বলেন, 'বিকাশ কর্মীদের বাইরে অন্য কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, সেটি এখনো আমার জানা নেই।'

তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ