সিলেটের পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৭ AM

বাপার গোলটেবিল বৈঠকে পরিবেশবিদদের আহ্বান

সিলেটের পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০৯:০৯:২১ PM

সিলেটের পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি

ছবি:সংগৃহীত


সিলেটের পাহাড়, নদী, হাওর ও জলাভূমি রক্ষায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশবিদ, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘সিলেটের পরিবেশ ও প্রকৃতি: সংকট ও সুপারিশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার (১৫ জুন) বিকেলে সিলেট নগরীর একটি হোটেলের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বাপা সিলেট জেলা শাখার সভাপতি জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক কাসমির রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপার কার্যকরী কমিটির সদস্য কবি আয়েশা মুন্নী।

ধারণাপত্রে সিলেট অঞ্চলের প্রধান পরিবেশগত সংকট হিসেবে পাহাড় ও টিলা কর্তন, জলাবদ্ধতা, জলাভূমি ভরাট, অবৈধ বালু-পাথর উত্তোলন এবং পর্যটন এলাকায় প্লাস্টিক দূষণের বিষয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, গত দুই দশকে দ্রুত নগরায়ণের ফলে সিলেটের জলাশয় ও জলাভূমি আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর প্রভাব হিসেবে বন্যা, জলাবদ্ধতা, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু ঝুঁকি বাড়ছে।

গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও খনিজ সম্পদ অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মুস্তাক আহমদ, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ রেদোয়ান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি নির্মাণ ও পরিবেশ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. তারিকুল ইসলাম, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতীকুল হক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

বক্তারা বলেন, পাহাড় কাটা, জলাভূমি ভরাট ও অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের কারণে সিলেটের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক পরিবেশ ব্যবস্থাপনা, নদীর নাব্যতা রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, সিলেটের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সাদা পাথরসহ কয়েকটি এলাকাকে প্রতিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবেশ সুরক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

অধ্যাপক ড. মুস্তাক আহমদ বলেন, অন্যান্য দূষণের পাশাপাশি সিলেটে পানি দূষণও বাড়ছে। বর্জ্য ব্যবস্থাপনাকে কার্যকর আইনি কাঠামোর আওতায় আনা জরুরি।

অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক প্রশ্রয়ে পরিবেশ বিপর্যয় বেড়েছে। পরিবেশ ধ্বংসকারীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়।

বৈঠকে বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সুজন সিলেটের সভাপতি অ্যাডভোকেট শিরীন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাপা সিলেটের সহ-সভাপতি ইকবাল সিদ্দিকী, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, ইকরামুল কবির, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অ্যাডভোকেট মুজাক্কির হোসেন কামালী, সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

তরুণ জলবায়ু কর্মীরা জাফলং, বিছনাকান্দি, টাঙ্গুয়ার হাওর ও যাদুকাটা নদীসহ পর্যটন এলাকাগুলোতে প্লাস্টিক দূষণ বন্ধ এবং দায়িত্বশীল ইকো-ট্যুরিজম নীতি প্রণয়নের দাবি জানান।

গোলটেবিল বৈঠকে পাহাড় ও টিলা কর্তনের বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ, জলাভূমি সংরক্ষণ, সমন্বিত নগর ড্রেনেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন, অবৈধ পাথর কোয়ারি ও ড্রেজার কার্যক্রম বন্ধ, পর্যটন এলাকায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধকরণ এবং পরিবেশ অপরাধের বিচার নিশ্চিত করতে বিশেষ পরিবেশ ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করা হয়।

সমাপনী বক্তব্যে বাপা সিলেটের সভাপতি জামিল আহমদ চৌধুরী বলেন, “সিলেটের পাহাড়, নদী, হাওর ও জলাভূমি শুধু প্রাকৃতিক সম্পদ নয়; এগুলো এ অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষা ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।”

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নগরীর চার পয়েন্টে কর্মসূচি
সিলেটে ফের অভিযানে নামছে পুলিশ
সেতু ও সড়ক রক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে”— এমপি ফয়সল
সিলেটের পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি
ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃ*ষ্ট কিশোর, আ*ইসিইউতে ভর্তি
নদী সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
সিলেটসহ ১২ জেলায় ঝ'ড়-বৃষ্টির শ'ঙ্কা
সরকারি অনুদান বিতরণে অ*নিয়ম, আজমিরীগঞ্জে ব*ঞ্চিত ক্ষ*তিগ্রস্ত কৃষকরা
যাদের হাতে পরিচ্ছন্ন নগর, তাদের সুরক্ষায় এগিয়ে এলো সিসিক
ট্রাফিক সপ্তাহ-২০২৬:হেলমেট-কাগজপত্র ঠিক থাকলেই মিষ্টিমুখ