ছবি:সংগৃহীত
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সঠিক ভোটার তালিকা প্রণয়ন করে দ্রুত নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট চেম্বার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক (মুন্না) ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, নির্বাচিত কমিটি না থাকায় বিগত সময়ে সিলেট চেম্বারের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। চেম্বারের কার্যক্রম গতিশীল করতে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন এবং নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন জরুরি। চেম্বার কার্যকরভাবে পরিচালিত হলে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
সভায় ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য পৃথক কমিটি গঠন, প্রকৃত ব্যবসায়ীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত ব্যবসায়ীদের সমস্যার সমাধানের দাবি জানানো হয়।
এ ছাড়া ব্যবসা-বাণিজ্য সচল রাখার স্বার্থে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং চেম্বারের সদস্য ফি কমানোর বিষয়েও প্রশাসকের কাছে দাবি তুলে ধরেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
জবাবে সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী তাঁকে অভিনন্দন জানানোর জন্য সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, সঠিকভাবে ভোটার তালিকা যাচাই-বাছাই করে নির্বাচন আয়োজনের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
এজাজ আহমেদ চৌধুরী বলেন, ‘দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রশাসকের মাধ্যমে পরিচালিত হোক-এটা কখনোই কাম্য নয়।’ সিলেট চেম্বারের আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক পরিচালক মোহাম্মদ সাহিদুল হক সোহেল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার কাওছার আহমদ রবি, মো. নাহিদুর রহমান, মো. আব্দুল কাদির এবং সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা মো. আব্দুর রহমান দুদু, মো. জামাল আহমদ জেবান, মো. আবুল কালাম, মো. শাহজাহান আহমদ, মো. নাজিম উদ্দিন, আবুল খালেদ চৌধুরী সাদী, মো. শফিকুল ইসলাম, মো. ইনামুল করিম চৌধুরী, মো. গুলজার খান, হাসান কবীর চৌধুরী, মো. রাজু মিয়া, মহিউদ্দীন চৌধুরী, সাবুল মিয়া, রাসেল আলী, আহমেদ ফুয়াদ বিন রশীদ, মো. মামুনুর রশীদ, আহমেদ নওশাদ, তাহমিদুল হাসান জাবেদ, হোসেন আহমদ, মো. জাবেদ কাদির, শেখ মো. জুনেদ আহমদ, টুটুল গাজী, মো. মুত্তাকিনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




