ছবি:সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে পূবালী ব্যাংক পিএলসি তাদের সিএসআর তহবিল থেকে ১ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে দুটি বাস উপহার দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী-এর হাতে বাস দুটির চাবি হস্তান্তর করেন।
এদিন শাবিপ্রবি ক্যাম্পাস ছাড়াও নগরীর লামাবাজার, বাগবাড়ী (বর্ণমালা পয়েন্ট) ও এয়ারপোর্ট রোডের বড়শালা এলাকায় পূবালী ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ উদ্বোধন করা হয়। একই সঙ্গে ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ ‘গ্রীণ লাউঞ্জ’ চালু করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণাসহ বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে। নতুন দুটি বাস শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি ক্যাম্পাসে ইলেকট্রনিক বুথ স্থাপনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।
পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ বলেন, শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে শাবিপ্রবির পাশে থাকতে পেরে ব্যাংক গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পরিচালক রানা লায়লা হাফিজ প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে ক্যাম্পাসে বুথ স্থাপনের সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংকের সেবার ধারাবাহিকতায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সহায়তায় ভূমিকা রাখতে পেরে ব্যাংক আনন্দিত।
শাবিপ্রবির অতিরিক্ত রেজিস্ট্রার ফয়সল আহমদ-এর সঞ্চালনায় এবং পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এ.এফ.এম. জাকারিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সকালে ফিতা কেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূবালী ব্যাংকের ‘গ্রীণ লাউঞ্জ’-এর উদ্বোধন করেন ব্যাংকের পরিচালকবৃন্দ ও ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানে বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ করসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




