আদ-দ্বীন হাসপাতালকে আইনি নোটিশ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:২৮ PM

৬ নবজাতকের মৃ ত্যু

আদ-দ্বীন হাসপাতালকে আইনি নোটিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ০৭:১২:২০ PM

আদ-দ্বীন হাসপাতালকে আইনি নোটিশ

সংগৃহিত


রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ নোটিশ পাঠান।

এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালককে এই নোটিশের বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়, আদ-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশজুড়ে গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।সংবাদমাধ্যম ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী, গভীর রাতে সদ্য জন্ম নেওয়া কয়েকজন নবজাতক একসঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অবিরাম কান্না, বমি, শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা যায়। একইসঙ্গে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।

নোটিশে অভিযোগ করা হয়, সংকটময় পরিস্থিতির মধ্যেও পর্যাপ্ত জরুরি চিকিৎসাসেবা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতাও ছিল অপর্যাপ্ত। এছাড়া সংকটাপন্ন নবজাতকদের দ্রুত উন্নত চিকিৎসা বা উপযুক্ত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরেও বিলম্ব হয়েছে বলে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, এ ঘটনা দেশের হাসপাতালগুলোর মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডের নিরাপত্তা, জরুরি চিকিৎসা সাড়া ব্যবস্থা, রোগী পর্যবেক্ষণ এবং সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার গুরুতর দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।

আইনি নোটিশে চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে-ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কার্যকর ক্ষতিপূরণ দেওয়া, দেশের সব হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা সেবা ও রোগী নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা প্রণয়ন এবং হাসপাতালগুলোর সার্বিক স্বাস্থ্যসেবা তদারকিতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা।

নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এসব বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে প্রকাশ্যে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা