শ্রীমঙ্গলে ১ কোটি ৯০ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১৬ AM

শ্রীমঙ্গলে ১ কোটি ৯০ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০৮:০১:৪৯ PM

শ্রীমঙ্গলে ১ কোটি ৯০ লাখ টাকার  কৃষি ঋণ বিতরণ

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ব্যাংক ও তফসিলভুক্ত ২৫টি ব্যাংকের যৌথ উদ্যোগে উপজেলা পর্যায়ে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কৃষক, মৎস্যজীবী ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের মধ্যে মোট ১ কোটি ৯০ লাখ টাকার কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।

সোমবার (৮ জুন) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক খালেদ আহমদ।


কৃষি ঋণ প্রচারণা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য দেন এবি ব্যাংক-এর সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. সালাউদ্দিনসহ ঋণগ্রহীতারা।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমদ বলেন, কৃষকদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ১০ হাজার টাকার নিচের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, ফলে অনেক খেলাপি কৃষক নতুন করে ঋণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। তিনি জানান, শুধু জমির মালিক নয়, প্রান্তিক কৃষক ও বর্গাচাষীরাও কৃষি ঋণ পাওয়ার অধিকার রাখেন।

তিনি আরও বলেন, শ্রীমঙ্গল চা শিল্প, মৎস্যসম্পদ, আনারস ও লেবু উৎপাদনের জন্য দেশব্যাপী পরিচিত। এ অঞ্চলের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে কৃষকদের স্বল্পসুদে কৃষি ঋণের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

খালেদ আহমদ বলেন, কৃষকদের দোরগোড়ায় ঋণসেবা পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকৃত কৃষকদের সহজে ঋণসুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে এবি ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনসিসি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক-এর ঋণগ্রহীতাদের মধ্যে মোট ১ কোটি ৯০ লাখ টাকার কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, কৃষক, মৎস্যজীবী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ