আবেদ রাজার বক্তব্যের কড়া জবাব কুলাউড়া উপজেলা বিএনপির
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৮ AM

আবেদ রাজার বক্তব্যের কড়া জবাব কুলাউড়া উপজেলা বিএনপির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ১২:৫৪:১৬ AM

আবেদ রাজার বক্তব্যের কড়া জবাব কুলাউড়া উপজেলা বিএনপির

ছবি:সংগৃহীত


মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজার সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে কুলাউড়া উপজেলা বিএনপি। দলটির নেতারা দাবি করেছেন, উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আবেদ রাজার মন্তব্য বাস্তবতাবিবর্জিত ও বিভ্রান্তিকর।

রোববার (৭ জুন) কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডভোকেট আবেদ রাজা কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনের আগে দলীয় মনোনয়ন না পাওয়ার পর আবেদ রাজা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেন। পরবর্তীতে দল থেকে আলহাজ শওকতুল ইসলাম শকুকে মনোনয়ন দেওয়ার পর তিনি নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ছিলেন না বলেও দাবি করা হয়।

উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের সময় জেলা ও উপজেলা বিএনপির নেতারা তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত করা সম্ভব হয়নি। বরং তাঁর অনুসারীদের একটি অংশ অন্য প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে জনশ্রুতি রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, আবেদ রাজার নিজ ইউনিয়ন ব্রাহ্মণবাজারে অতীতে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হলেও সর্বশেষ নির্বাচনে সেখানে ধানের শীষ প্রতীকের পরাজয় ঘটে, যা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এছাড়া দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে আবেদ রাজা দলীয় বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে। উপজেলা বিএনপির নেতারা বলেন, একজন জ্যেষ্ঠ রাজনীতিক হিসেবে দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত ছিল। তাঁর সাম্প্রতিক মন্তব্য দলীয় নেতাকর্মীদের হতাশ করেছে।

তবে এ বিষয়ে অ্যাডভোকেট আবেদ রাজার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ