সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫০ PM

সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ০৬:১৩:১০ PM

সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল

সংগৃহীত


হবিগঞ্জ  (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও জনদাবি তুলে ধরেছেন। মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তৃতায় তিনি চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিতকরণ, পর্যটন খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, সড়ক অবকাঠামো উন্নয়ন, মাধবপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা এবং চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর দাবি জানান।

বক্তৃতায় এমপি ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাট এলাকায় প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী ২৩টি চা বাগান রয়েছে। এসব বাগানে লক্ষাধিক চা শ্রমিক ও তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছেন। তারা দেশের নাগরিক হলেও এখনো নিজেদের বসতভিটার মালিকানা পাননি। তিনি সরকারের প্রতি চা শ্রমিকদের দীর্ঘদিনের এই দাবি বিবেচনা করে তাদের ভূমির মালিকানা প্রদানের আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাধবপুর-চুনারুঘাট অঞ্চলে পর্যটন বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাতছড়ি জাতীয় উদ্যানসহ বিভিন্ন প্রাকৃতিক ও পরিবেশগত সম্পদ দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। কিন্তু পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, আবাসন ও আধুনিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে। এ বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি জানান তিনি।স্বাস্থ্যসেবা প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, মাধবপুর ও চুনারুঘাটে দুটি ৫০ শয্যার হাসপাতাল থাকলেও সেগুলোর অবকাঠামো জরাজীর্ণ। হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। এ অবস্থায় হাসপাতাল দুটিকে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি জনবল ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে এমপি ফয়সল বলেন, জগদীশপুর-তেমুনিয়া থেকে চুনারুঘাট হয়ে শায়েস্তাগঞ্জ পর্যন্ত পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কার ও সম্প্রসারণ করা প্রয়োজন। এ সড়কটি উন্নয়ন করা হলে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং যানজট কমে আসবে। পাশাপাশি জগদীশপুর থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত আঞ্চলিক সড়কটির বর্তমান অবস্থা নাজুক উল্লেখ করে এটি প্রশস্ত ও টেকসইভাবে সংস্কারের দাবি জানান তিনি।

তিনি বলেন, মাধবপুরে ইতোমধ্যে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠেছে। শিল্পায়নের এ ধারা আরও বেগবান করতে মাধবপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা প্রয়োজন। এতে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তৃতায় তিনি চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ড্যামটি অচল থাকায় এলাকার শত শত কৃষক সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে ইরি-বোরো ও বিভিন্ন রবিশস্যের আবাদ ব্যাহত হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বার্থে দ্রুত ড্যামটি সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।সংসদে উত্থাপিত এসব দাবি বাস্তবায়িত হলে মাধবপুর-চুনারুঘাট অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ