ছবি:সংগৃহীত
‘বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় বাধা দুর্নীতি। দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’- এ আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ওসমানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওসমানীনগরের মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা দুপ্রকের সভাপতি মো. ছুরাব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন দুপ্রকের সহসভাপতি রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহকারী পরিচালক আশরাফ হোসেন, ওসমানীনগর উপজেলা দুপ্রকের সহসভাপতি প্রণয় কুমার পাল, মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মো. শহিদ হাসান, বালাগঞ্জ উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, সাংবাদিক মুহিব হাসান, সাইফুল এম রেফুল, কুরুয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা সুলতানা, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রভা ভাওয়াল ও এমদাদুর রহমান, ওসমানীনগর ইসলামিক একাডেমির অধ্যক্ষ সাদিক সিকদার এবং শিক্ষক কয়েছ আলী।
প্রধান অতিথির বক্তব্যে সুবেল আহমেদ বলেন, দুর্নীতি দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতির পথে বড় বাধা। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সচেতন হতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
বিতর্ক প্রতিযোগিতায় ওসমানীনগর উপজেলার ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




