সিলেটে অ*নুমোদন ছাড়া ভবন নির্মাণে নি*ষেধাজ্ঞা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ AM

ভূমি ব্যবহারের ছাড়পত্র, ভবন নির্মাণের নকশা অনুমোদন এবং জলাধার খনন বা পুনঃখননের জন্য সিউকের অনুমোদন নিতে হবে

সিলেটে অ*নুমোদন ছাড়া ভবন নির্মাণে নি*ষেধাজ্ঞা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০৮:৩৬:১০ PM

সিলেটে অ*নুমোদন ছাড়া ভবন নির্মাণে নি*ষেধাজ্ঞা

ছবি:সংগৃহীত


পরিকল্পিত নগরায়ন, সুশৃঙ্খল নগর উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় ভবন নির্মাণ ও ভূমি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। সিউকের পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের ভবন নির্মাণ, সম্প্রসারণ বা পরিবর্তন করা যাবে না।

সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে রোববার (১৬ আগস্ট) এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিউকের আওতাধীন এলাকায় ভূমি ব্যবহারের ছাড়পত্র, ভবন নির্মাণের নকশা অনুমোদন এবং জলাধার খনন বা পুনঃখননের জন্য সিউকের অনুমোদন নিতে হবে। এ-সংক্রান্ত আবেদন সিউকের কার্যালয়ে (২৯/এ, ফরচুন গার্ডেন, বঙ্গবীর রোড, নাইওরপুল, সিলেট) জমা দিতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইমারত নির্মাণ আইন, ১৯৫২, ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি), ২০২০ অনুসরণ করে সিউকের তালিকাভুক্ত স্থপতি, প্রকৌশলী বা নকশাকারকের মাধ্যমে ভূমি জরিপ, মাটি পরীক্ষা ও নকশা প্রণয়ন করে আবেদন করতে হবে।

এ ছাড়া রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫ ধারা অনুযায়ী সব ডেভেলপার প্রতিষ্ঠানকে সিউকে নিবন্ধিত হতে হবে। অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করার পাশাপাশি অবৈধ দখল, জলাশয় ভরাট ও পরিবেশের ক্ষতিকর কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর ৫৪ ধারা উল্লেখ করে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার পর সিউকের অনুমতি ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষের মাধ্যমে নেওয়া অনুমোদন অকার্যকর ও অননুমোদিত হিসেবে গণ্য হবে।

আইন ও বিধিমালা লঙ্ঘন করে কোনো নির্মাণ বা ভূমি ব্যবহারের কার্যক্রম পরিচালনা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সিউক।

নগরবাসীকে ভবন নির্মাণ, জমির ব্যবহার কিংবা জলাধার-সংক্রান্ত কোনো কাজ শুরুর আগে সিউকের কার্যালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও অনুমোদন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: