জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ AM

সিলেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ১১:১২:৪১ PM

জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন

ছবি:সংগৃহীত


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকার সূচনা হয়। স্বাধীনতার ঘোষণা এবং তাঁর আহ্বানে দেশের ছাত্র-জনতা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করে।

তিনি বলেন, ১৯৭৫ সালে দেশ যখন গভীর সংকটের মুখে পড়েছিল, তখন ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে মেজর জিয়াউর রহমান দেশকে সেই সংকট থেকে রক্ষা করেন। পরবর্তীতে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়নের ভিত্তি তৈরি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। জীবনের এই পর্যায়ে এসে তিনি গর্ববোধ করেন যে, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া তাঁর জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত ছিল।

সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, এমন এক সময়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, যখন বাংলাদেশ টিকে থাকবে কি না-তা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে নানা আশঙ্কা ছিল।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড় করানোর উদ্যোগ নেন। কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতে তাঁর উন্নয়ন কর্মকাণ্ড দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়। পাশাপাশি দূরদর্শী পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সুদৃঢ় করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জিয়াউর রহমানের অনুসারী হিসেবে তাঁর আদর্শ ও মর্যাদা সমুন্নত রেখে মানুষের জন্য কাজ করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বড় চ্যালেঞ্জ গ্রহণ করে দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, তা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্বাগত বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিএনপির নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন। আন্দোলন-সংগ্রামের পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশ গঠনের পাশাপাশি সিলেটের উন্নয়ন ও অগ্রগতিকে আরও গতিশীল করতে কাজ করা হবে। সিলেট সিটি করপোরেশনসহ পুরো অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়া হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিক, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সহসম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

পরে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথি ও দলীয় নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি