ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের বিলাশছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
অভিযানকালে বিলাশছড়া এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় রাখা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম বলেন, ‘জব্দ করা বালুর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাকৃতিক সম্পদ রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ও আশপাশের এলাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




