ফাইনালে ২৭ রানের হার, রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ PM

ফাইনালে ২৭ রানের হার, রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ১০:৪২:৩৭ PM

ফাইনালে ২৭ রানের হার, রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

সংগৃহীত


‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কাছে ২৭ রানে পরাজিত হয়ে রানার্স আপের সন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়ে দলটি।

ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেটে ১৫৮ রানের পর্বতসম সংগ্রহ দাঁড় করায় ইউরোপীয়ান ইউনিভার্সিটি। দলের পক্ষে অধিনায়ক নিলয় ১০ বলে সর্বোচ্চ ৪০ রান করার পাশাপাশি মাহফুজ ও ফাহাদ উভয়েই ৩৬ রান করে অবদান রাখেন। জবাবে ১৫৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ ইউনিভার্সিটি। শেষদিকে শাহপরানের মাত্র ৯ বলে ঝোড়ো ৪৩ রান, মিনহাজুলের ৭ বলে ৪০ ও রানার ২১ বলে ৩২ রানের সুবাদে লড়াই চালিয়ে গেলেও ৮ ওভারে ২ উইকেটে ১৩১ রানে থমকে যায় তাদের ইনিংস।খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন আয়োজকেরা। সাবেক তারকা ক্রিকেটার আতাহার আলী খান, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের প্রতিষ্ঠান ‘থ্রি ক্রিকস’ আয়োজিত ৩২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার এই আসরে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির খেলোয়াড়েরা। টুর্নামেন্টে ২১০ রান ও ৩১টি ছক্কা মেরে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ছক্কা হাঁকানো খেলোয়াড় হন মিনহাজুল; এবং সোহেল রানা ১১টি বাউন্ডারি মেরে পান সর্বোচ্চ বাউন্ডারির স্বীকৃতি। উল্লেখ্য, টুর্নামেন্টের পূর্ববর্তী সাত আসরে ৩ বার চ্যাম্পিয়ন ও ২ বার রানার্স আপ হওয়া বাংলাদেশ ইউনিভার্সিটি এই পারফরম্যান্সের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিক সাফল্যেরধারা বজায় রাখল।

জৈন্তাবার্তা/সুলতানা