অনলাইনভিত্তিক ভারতীয় জুয়া খেলা পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার আজমিরীগঞ্জ সদরের টানবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ার সামনের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সমীপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত রায় ওরফে মুকুল (৫৫), নগর গাঙ্গপাড় হাটির বাক গ্রামের সেন্টু মিয়া (৪৮) ও কয়েছ মিয়া (৫২)।
জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি চক্র অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে নিয়ন্ত্রিত অনলাইন ভিত্তিক এন্ডিং জুয়াখেলা পরিচালনা করে আসছে। বিভিন্ন সময়ে জুয়াড়িদের আস্তানায় অভিযান চালিয়ে জুয়ার সাথে জড়িতদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে জুয়াড়িরা জামিনে বেরিয়ে এসে আবারও একই কাজে যুক্ত হয়। সম্প্রতি চক্রটি পুনরায় বিভিন্ন স্পটে সক্রিয় হয়ে ওঠে।
এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে থানার এসআই সালাউদ্দিন মোল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম পৌর এলাকায় জুয়াড়িদের বিভিন্ন আস্তানায় অভিযান চালায়। এ সময় টানবাজারের শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ার সামনে যতন রায়ের মালিকাধীন একটি রেঁস্তোরায় অভিযান চালিয়ে এন্ডিং জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে রেস্তোরাঁর পেছনের একটি কক্ষ থেকে দুই মহুরীসহ তিনজনকে আটক করে পুলিশ।
আজমিরীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জৈন্তাবার্তা/আরআর




