সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পশ্চিম জাফলং ইউনিয়নের পূর্ব তারুখাল গ্রামের মৃত নুরুল ইসলাম মুন্সির ছেলে ইয়াছিন মুন্সি (৩২)। তিনি পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। নন্দিরগাঁও ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মৃত সমছুল হক সিকদারের ছেলে মো. মদরিছ আলী সিকদার (৫৫)। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। রুস্তমপুর ইউনিয়নের যতনাথা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মকলিছুর রহমান (৪৫)। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। এ ছাড়া পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি গ্রামের মো. আব্দুর রবের ছেলে মো. শাহীন মাহমুদ (৪১)। তিনি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানায় গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ১১/৩৫০ দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলাটি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার চারজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




