সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর লুৎফুর রহমান (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে মহাসড়কের চৌকা ও জাতুয়া এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার ইকানিদা দিঘলী গ্রামে বাসিন্দা ও পেশায় একজন প্রকৌশলী ছিলেন। তিনি ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় সুনামগঞ্জ–সিলেট সড়কের পাশে আলী ফিলিং স্টেশনে কাজ করতেন। তাঁর স্ত্রী ও এক বছর বয়সী যমজ দুই ছেলে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে আলী ফিলিং স্টেশনে কাজ শেষ করে শ্বশুরবাড়ি রওনা হন। পথে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাতুয়া এলাকায় দিয়ে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী লুৎফুর রহমান সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান গোবিন্দগঞ্জের মেসার্স আলী সিএনজি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিচিতজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন। এ বিষয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
জৈন্তাবার্তা/আরআর




