হবিগঞ্জের মাধবপুরে শিক্ষকের ছোড়া বেতের আঘাতে ৪ বছর বয়সী মেহেদী হাসান নামের এক শিশু শিক্ষার্থীর এক চোখ নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
শিশুটির বাবা মোতালেবের পক্ষে গত সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী ফারুখ আলমগীর চৌধুরী।
রিটে চোখ নষ্টের ঘটনায় তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন রোধে বিবাদীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ৯ জনকে বিবাদী করা হয়েছে।
রিটটি বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে বলে জানিয়েছেন আইনজীবী।
এর আগে, গত ১৬ আগস্ট বিদ্যালয় চলাকালীন বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্শেদা বেগম 'দুষ্টুমি করার অভিযোগে' শ্রেণিকক্ষে অবস্থানরত মেহেদি হাসানকে লক্ষ্য করে সজোরে তার হাতে থাকা বাঁশের বেত ছুড়ে মারেন। এটি মেহেদী হাসানের ডান চোখে গিয়ে আঘাত করে এবং তার চোখ রক্তাক্ত জখম হয়। এখন অন্য চোখটিও নষ্ট হওয়ার উপক্রম।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকেও স্থায়ীভাবে অন্যত্র বদলি করা হয়েছে।
JA




