ছবি:সংগৃহীত
সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন হিলুয়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে এ অভিযান চালানো হয়। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটক ব্যক্তিরা হলেন সুবল মুন্ডা (২০), যাদব গঞ্জ (৩৫), মো. আজিদ খান (৩২), উজ্জ্বল ভূমিজ (২৫), মো. জাহেদ (৩৩), মো. দুলাল (৩৮) ও সাগর নায়েক (৪২)। তাঁদের সবার বাড়ি হিলুয়াছড়া এলাকায়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল হিলুয়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
এ ঘটনায় সিলেট মহানগর পুলিশ আইনের ৯৫ ধারায় এয়ারপোর্ট থানায় নন-এফআইআর মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




