ছবি:সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নগরবাসী যাতে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিলেট সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী শহর। এ নগরীতে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। ধর্মীয় উৎসবগুলোও সবাই মিলেমিশে উদযাপন করেন। সম্প্রীতির এ ঐতিহ্য আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজা উদযাপনকালে কোনো ধরনের সমস্যা বা প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্টদের সিলেট সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। এ সময় সিসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রশাসক।
পরিদর্শনকালে তিনি নগরীর ১১ নম্বর ওয়ার্ডের তিনটি মন্দির, ১২ নম্বর ওয়ার্ডে বিমলেন্দু দাস সাধু বাবুর বাড়ির পূজামণ্ডপ এবং ৮ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রী কালীবাড়ী ও শ্রীশ্রী লোকনাথ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ডের আরও কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।
এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পুণ্যার্থীদের উপস্থিতি ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন সিসিক প্রশাসক। পাশাপাশি পুণ্যার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে পূজা কমিটির নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সিসিকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




