ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারসংলগ্ন সরকারি খাসজমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সালুটিকর বাজারসংলগ্ন প্রধান সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন। এ সময় সালুটিকর পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন স্থানীয় বাজার কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি খাসজমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও জমি দখল না করার বিষয়ে সতর্ক করেন।
সরকারি জমির অবৈধ দখল রোধ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




