আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জে নৌকার প্রার্থী ড. সাদিককে তলব
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩১ PM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জে নৌকার প্রার্থী ড. সাদিককে তলব

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ০৩:৫৮:১০ AM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জে নৌকার প্রার্থী ড. সাদিককে তলব

সুনামগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী ড. মোহাম্মদ সাদিক।


নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পিএসসি’র (সরকারি কর্ম কমিশন) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিককে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। শনিবার (২ ডিসেম্বর) ওই প্রার্থীকে তলব ও শোকজ করা হয়েছে।

ড. মোহাম্মদ সাদিককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আপনি জনাব ড. মোহাম্মদ সাদিক সংসদীয় আসন সুনামগঞ্জ-৪ হতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে গত ২৯ নভেম্বর বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে মোটর সাইকেল শোভাযাত্রাসহ শোডাউন করে গাড়িবহর নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হন। ওইরূপ শোডাউন করে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন, যা সুনামগঞ্জের স্থানীয় দৈনিক সুনামগঞ্জের সময়সহ বিভিন্ন পত্রিকায়, ইলেক্ট্রনিক মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬ (ঘ), ৮(ক), ১০(ক) এবং ১২ বিধির বর্ণিত বিধান লঙ্ঘন করেছেন।

সাবেক এই নির্বাচন কমিশন (ইসি) সচিবকে লেখা চিঠিতে আরো বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের নির্বাচন পূর্ব অনিয়ম সংঘটিত না হওয়ার বিষয়ে আপনার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো এবং ওইরূপ প্রকাশিত সংবাদ বিষয়ে তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎমর্মে নি¤œ স্বাক্ষরকারীর কার্যালয়ে (যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, জেলা ও দায়রা জজ আদালত, সুনামগঞ্জ) আগামী ৪ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় আপনি স্বয়ং অথবা আপনার প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশনাটি দিয়েছেন সুনামগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ কাকন দে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: