ছবি: নিজস্ব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ১১তম দফায় ডাকা মঙ্গলবার ও বুধবার সর্বাত্মক অবরোধের সমর্থনে মশাল মিছিল সুনামগঞ্জ জেলা ছাত্রদল।
সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার প্রধান সড়কে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে হঠাৎ করে ষোলঘর এলাকার পূর্ব হাটি থেকে একদল তরুণ মশাল জ্বালিয়ে মেইন সড়কে বিক্ষোভ করে। হাতে মশাল নিয়ে আগামীকালকের অবরোধ সফল হোক, সফল হোক, অবরোধ চলছে-চলবেসহ নানান স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এই দিন রাতে অবরোধের সমর্থনে জগন্নাথপুর উপজেলা মাদ্রাসা পয়েন্ট থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন ও সদস্য সচিব শামসুল ইসলাম জাবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথপুর ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি সমাপ্ত হয় সুইচগেট এলাকায়। বিক্ষোভ অংশ নেওয়া নেতৃবৃন্দ জানান, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ছাত্রদল রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন।
এম সি




