লোহাগাড়া থানার কোয়ার্টারে এসআই আজিজুল হকের মৃ*ত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৮ PM

লোহাগাড়া থানার কোয়ার্টারে এসআই আজিজুল হকের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ০৫:০২:১১ PM

লোহাগাড়া থানার কোয়ার্টারে এসআই আজিজুল হকের মৃ*ত্যু

সংগৃহীত


চট্টগ্রামের লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে মো. আজিজুল হক নামের এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ শনিবার বিশ্রাম নিতে গিয়ে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।নিহত মো. আজিজুল হক (৫০) সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার আনোয়ারুল হকের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার কোয়ার্টারে তার কক্ষে যান। পরবর্তীতে সহকর্মীরা অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আজিজুল হকের স্ত্রী জেসমিন বেগম জানান, ‘পুলিশ হেডকোয়ার্টার থেকে আজিজুল হকের মৃত্যুর খবর জানানো হয়েছে। গত চারদিন ধরে তিনি বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।’

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।’তিনি আরও জানান, পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। লোহাগাড়া থানায় জানাজা শেষে মরদেহ চট্টগ্রাম পুলিশ লাইন্সে নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: