সংগৃহীত
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
সেগুলো হলো- ‘আগের সরকারকে (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা হবে’ এবং ‘ডিসেম্বরেই জানবাজি রেখে সবাই মাঠে নামবে’।আজ রোববার সকালে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। ডিআইজি বলেন, জাহাংগীর আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুটি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একটি রাষ্ট্রদ্রোহ এবং অন্যটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে উসকানি দেওয়ার। অভিযোগগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহের উপাদান রয়েছে।
আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, জাহাংগীর আলমের একটি হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়েছে, ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে, অর্থাৎ আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। আরেকটি বার্তায় ডিসেম্বরেই জানবাজি রেখে সবাইকে মাঠে নামার কথা বলা হয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক। তিনি বলেন, ‘মামলাটি পাঁচলাইশ থানায় দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে প্রতিবেদন পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।’চট্টগ্রাম রেঞ্জে জাহাংগীর আলমের মতো আরও কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন কি না, জানতে চাইলে ডিআইজি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অভিযোগে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ফৌজদারি ও বিভাগীয় দুই ধরনের ব্যবস্থাই নেওয়া হবে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং তাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়। পাশাপাশি তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
পরে আরআরএফের এএসপি আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলাটি নথিভুক্ত করা হয়। এরপর স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।ডিআইজি বলেন, ‘প্রথমে আমরা একটি নির্ভরযোগ্য সূত্র থেকে তার এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার তথ্য পাই। পরে তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এরপর ফোন দুটি ফরেনসিক পরীক্ষার পর ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।’
মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে বিভাগীয় বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা করা হয়। জাহাংগীর আলমের ক্ষেত্রেও সেই প্রক্রিয়া চলছে।’
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদরদপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।উল্লেখ্য, জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।
জৈন্তাবার্তা/সুলতানা




