সুনামগঞ্জের ভোটকেন্দ্রে আগুন।
সুনামগঞ্জের মধ্যনগরের একটি ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার শেষ রাতে উপজেলার গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শুক্রবার রাত তিনটায় উপজেলার গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই অগ্নিসংযোগের চেষ্টা হয়। পরে কেন্দ্রের পাহারাদার টের পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ এসে আগুন নিভিয়েছেন।
ওই ভোটকেন্দ্রের নিরাপত্তা দ্বায়িত্বে থাকা চৌকিদার আজিম উদ্দিন জানালেন, কনকনে শীতের কারণে আমি কাঁথা গায়ে স্কুলের বারান্দার পূর্ব দিকে শুয়ে ছিলাম। হঠাৎ পশ্চিম দিকে ধোয়ার গন্ধ পাই। এরপর বারান্দায় আগুন জ্বলতে দেখি। তখন চিৎকার করে লোকজনকে ডাকলে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
মধ্যনগর থানার ওসি এমরান হোসেন বলেন, রাত ৩ টার পর পেট্টল জাতীয় দাহ্য কিছু একটা ছিটিয়ে গ্রিলের বাইরে থেকে আগুন দেয় দুর্বৃত্তরা। পাহারাদার টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নেভান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেন্দ্রের তেমন কোনো ক্ষতি হয় নি। ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না। থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
উল্লেখ্য, এর আগে হবিগঞ্জর চুনারুঘাট ও মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ভোটকেন্দ্র আগুন দেওয়ার ঘটনা ঘটে।
জৈন্তাবার্তা/জেএ




