অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার বিচারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ।
সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা গৃহবধূ মিসমা হত্যার বিচারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পরিবার এবং এলাকাবাসী।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় ঘন্টাব্যাপী সড়কের দুইপাশের যান চলাচল অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।
এ সময় বিক্ষোভকারীরা গৃহবধূ মিসমা হত্যাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে এই ঘটনার সঙ্গে নিহত মিসমার স্বামী রফিকুল ইসলাম ও তার পরিবারের লোকের জড়িত রয়েছে বলে জানান তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিসমা হত্যার বিচারের দাবি করেন এলাকাবাসী।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে টায়রা জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকলে দুপাশে তীব্র যানজট সৃষ্ট হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা হারুন অর রশীদ, আব্দুল মতিন, নিহতের ভাই ফরহাদ মিয়া, বাবা মো. সমছু মিয়া প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




