কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় নোহা গাড়ির ৪ যাত্রী আহত - জৈন্তা বার্তা
কুলাউড়া উপজেলার ভাটেরা সাইফুল তাহমিনা মাদরাসার সম্মুখে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি নোহা গাড়ির চার যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের হাফেজ আব্দুল বাছিতের স্ত্রী জলি বেগম (৪৫), নজিব আলীর ছেলে তাহছিন আহমদ (১৪), জামাল আহমেদের ছেলে ফাহাদ মিয়া (১৫) ও আছকির আলীর ছেলে রিয়াদ আহমদ (৭)।
জানা যায়, আহতের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তারা মেয়ের পক্ষ থেকে বিয়ে ঠিক করতে পাত্রের বাড়ি ভাটরায় যাচ্ছিলেন। দুপুর ২টার দিকে ভাটেরা বাজার সংলগ্ন সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন যাত্রী গুরুতর আহত হন।
আহতের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে দু’জন নারী ও দু’জন শিশু রয়েছে।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




