ঘর বাড়ি পুড়ে নিঃস্ব হওয়া ৭ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান।
কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন- বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তার সুফল ভোগ করছে এ দেশের মানুষ। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে মন্ত্রী এমপিসহ দেশের সকল জনপ্রতিনিধিরা জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিকতার সাথে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরাও যারা আছি নিরলস পরিশ্রম করছি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে। কারণ বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশ এবং দেশের মানুষ যেন শান্তিতে থাকে। আর আমরা সবাই সেই লক্ষ্যে নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।
শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাসভবনে উপজেলার মির্জাপুর ইউনিয়নে দুর্বৃত্তদের দেয়া আগুনে ঘর বাড়ি পুড়ে নিঃস্ব হওয়া ৭ পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী নেতাকর্মীদের নির্দেশনা দেন উপজেলার সব এলাকার অসুস্থ এবং অসচ্ছল মানুষদের খুঁজে বের করে তালিকা করার। তিনি বলেন অসুস্থ ও অসচ্ছলদের সরকারের পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতা করা হবে।
শ্রীমঙ্গল উপজেলা মির্জাপুর ইউনিয়নে ৭টি পরিবারের ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। সবকিছু হারিয়ে পরিবারগুলো এখন পথে বসতে চলেছে। খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) এর পক্ষ থেকে তাৎক্ষণিক তাদের ৬ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও খুব শীঘ্রই প্রতি পরিবারকে দই বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হবে বলেও জানা গেছে।
এছাড়া কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ একই স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত উপজেলার ১৭ জনকে চিকিৎসা বাবদ এককালীন ৫০ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন।
এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাজী মোহাম্মদ আছাদুজ্জামান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
জৈন্তাবার্তা/এমকে




