কমলগঞ্জে শিমুলের পাঁপড়িতে রাঙিয়ে তুলেছে প্রকৃতি।
ঋতুরাজ বসন্তে নানা রঙে সেজেছে গ্রামবাংলার প্রকৃতি। আম,লিচু, লেবুসহ নানা জাতের গাছে ফুটেছে বাহারি রঙের ফুল, মুকুল। সেই সঙ্গে ফাগুনের দক্ষিণা হাওয়ায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা রাস্তার ধারে আসেপাশে নীল আকাশে উঁকি দিচ্ছে আগুনরাঙা শিমুল ফুল। গাছে গাছে থোকা থোকা ফুল হৃদয় ছুঁয়েছে সবার।
রবিবার (৩ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার কুমড়াকাপন এলাকার কাঁচা রাস্তায় দেখা মিলল শিমুল গাছের। অল্পবয়সী গাছটির পাতাবিহীন ডালে ভড়ে আছে রক্তিম ফুল। রোদ্রজ্জ্বল সকালে মৃদু বাতাসে বেশ কিছু ফুল ঝড়ে পড়তেও দেখা গেল মাটিতে। কেউ কেউ শখের বশে সেই ফুল কুড়িয়ে নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘প্রায় একসময় কমলগঞ্জের গ্রামাঞ্চলে প্রচুর শিমুল গাছ দেখা যেত। কিন্তু কালের বিবর্তনে বসন্তকালেও এখন আর তেমন চোখে পড়ে না শিমুল গাছ।’
আম্বীয়া বেগম নামের আরও একজন বৃদ্ধা বলেন, ‘শিমুল গাছের ঔষধি গুণও রয়েছে। গ্রামাঞ্চলের মানুষ আগে বিষ ফোঁড়া ও কোষ্ঠ কাঠিন্য নিরাময়ে শিমুল গাছের মূল ব্যবহার করতেন। বর্তমানে নানা কারণে শিমুল গাছ হারিয়ে যেতে বসেছে।’
কিন্তু গ্রাম-বাংলার বুক থেকে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে মূল্যবান এই শিমুল গাছ। যা এক সময় অর্থনৈতিক সম্বৃদ্ধি এনে দিত। যখন কোনো কিছু প্রকৃতি থেকে খোয়া যায়, তখন তার কদরও অনেকগুণ বেড়ে যায়। আর শিমুল গাছ ও ফুল হচ্ছে তেমনই। যা এখনও গাও-গ্রামে মান্দার গাছ হিসেবে বেশ পরিচিত। তাই সকলেই গাছ লাগায় এবং গাছের পরিচর্চা করি। একদিকে যেমন প্রাণ বাঁচবে অন্যদিকে তেমনই প্রকৃতির সৌন্দর্যও বাড়বে বলে ধারণা সচেতন মহলের।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.শহিদুল বলেন, প্রয়োজনীয় আসবাবপত্র তৈরিতে শিমুল কাঠ তেমন টেকসই হয় না। এছাড়া বিভিন্ন প্রযুক্তিতে তৈরি তুলা, মাইক্রো ফাইবার, ইউক্যালিপটাস ফাইবার, প্লাস্টিক ফাইবার ও ফোমের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শিমুল তুলার কদর কমেছে। ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে শিমুল গাছ।
জৈন্তাবার্তা/জেএ




