ছবি: সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করলেও প্রকাশ্যে ধূমপান করে বেড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই। এমনকি বিশ্ববিদ্যালয়ের টং দোকানে অবাধে চলছে এসবের বিক্রি।
তবে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের প্রণীত বিধিমালা অনুসারে ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়কে ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের কোথাও তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মাদক নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোথাও তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, এই নির্দেশের পাঁচ বছর পার হলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এখনো কতিপয় শিক্ষক-শিক্ষার্থী প্রকাশ্যেই ক্যাম্পাসে ধূমপান করে বেড়াচ্ছেন। বিভিন্ন ধরণের সিগারেট অবাধে বিক্রি করছেন টং দোকানিরাও। আবার ধূমপায়ীদের কারণে টং দোকানে বসে খাওয়া দাওয়া করতেও অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। এতে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।
কেউ যদি আবারও সেই নির্দেশ অমান্য করে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন ‘টং দোকানি ও ধূমপায়ীদেরকে সতর্ক করছি।
এম সি



