ছবি: দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারি উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও (পূর্বপাড়া) গ্রামের মোঃ ইন্তাজ আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (২৯)।
পুলিশ সুত্রে জানা যায়, মাদক কারবারি মোঃ জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।
এ তথ্য পেয়ে শুক্রবার(১১ আগষ্ট)রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) মো: বদরুল হাসানের দিকনির্দেশনায় এ অভিযান চালানো হয়। এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে চালানো অভিযানে সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের রাবারড্যাম পয়েন্টে জনৈক ইউসুফ আলীর নির্মানাধীন বসতবাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় মোঃ জাহাঙ্গীর আলমের দেহ তল্লাশি করে পলিথিন দিয়ে মোড়ানো ২৭ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। জুয়া ও মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এস.ডি




