ছবি: জৈন্তাপুর প্রতিনিধি
আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথমদিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় সকাল ১০থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জৈন্তাপুর উপজেলায় মোট ৩টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষার সময় পিছানোর কারণে ২টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে প্রথমদিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিন জৈন্তাপুরে ৬টি প্রতিষ্ঠান থেকে ৭৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। অনুপস্থিত ছিলো ২জন। এবছর জৈন্তাপুরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমানের মোট ১০৮৫ জন পরীক্ষার্থী। আগামী ২৭শে আগষ্ট থেকে কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে বাকি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করবে।
এদিকে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার ২টি কেন্দ্র ও ২টি ভেন্যু পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। তিনি সকাল সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলার ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজ কেন্দ্র এবং জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু পরিদর্শনে আসেন।এরপর জৈন্তা ডিগ্রি কলেজ কেন্দ্র ও দরবস্ত জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভেন্যু পরিদর্শন করেন বেলা সাড়ে এগারো ঘটিকায়। তিনি কেন্দ্রের সকল পরীক্ষার হল ঘুরে ঘুরে দেখেন এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্র নিয়ন্ত্রকের সাথে কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো জুলহাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।
এবারে বন্যার কারণে ১১ টি শিক্ষাবোর্ডের অধীনে ৩টি বোর্ড চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০দিন পিছিয়ে আগামী ২৭ আগষ্ট থেকে পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে বাতিল হওয়া বিষয়গুলোর পরীক্ষার সময় পরে জানানো হবে।
এস.ডি




