ছবি : নিজস্ব
জাতীয় শোক দিবস ১৫ই আগষ্ট উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৭ আগষ্ট ) বাদ মাগরিব দক্ষিণ সুরমার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান শফিক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী,সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতিসহ নেতৃবৃন্দ।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান শফিক বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী সহ দেশবিদেশী ষড়যন্ত্রকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে। এই নৃশংস ঘটনার পরে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করা হয়। জিয়াউর ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেন। দীর্ঘ দিন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিলো। শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় দুই বোন বেঁচে যান। দেশে ফিরে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় এসে জাতির জনকের হত্যার বিচার করেন। সকল আন্দোলন সংগ্রামে অতীতে শেখ হাসিনার পাশে ছিলাম, আগামী দিনগুলোতে শেখ হাসিনার পাশে থাকার দূঢ অঙ্গীকার করতে হবে। বার বার ষড়যন্ত্র হচ্ছে, কিন্ত জননেত্রী শেখ হাসিনা বিদেশিদের কাছে মাথা নত করেননি। আগামী জাতীয় নির্বাচনে আমাদের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সিলেট থেকে সকল আসন উপহার দিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খাঁন বলেন, দেশ স্বাধীন হওয়ার মাত্র সাড়ে তিনবছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়। খন্দকার মোস্তাকের নেপথ্যে এ সময় কাজ করেছেন জিয়াউর রহমান। ইতিহাসের নৃশংস এই হত্যা কান্ডের বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছে। খুনিদের বিচারের পথ বন্ধ করে তাদের পুরস্কৃত করা হয়েছে। ইতিহাস বিকৃতি করা হয়েছে। জাতির জনকের হত্যার বিচার করা করা হয়নি, অনেক আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে বিচার করেছেন। আওয়ামী লীগ মধ্যম আয়ের দেশে রুপান্তর করতে ভিশন নিয়ে কাজ করেছে। শেখ হাসিনা সরকার ২০৪১সালে উন্নত বাংলাদেশ গড়তে চায়। বিভিন্ন সময় ৭ই আগস্ট, ১৭ই আগস্ট ও ২১শে আগস্ট হামলা করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করা হয়েছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ও আগামী নির্বাচনে সিলেটের সকল আসন আওয়ামী লীগের এমপি নির্বাচিত করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার, জাতীয় নেতৃবৃন্দ, সিলেটের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সিলেট - ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এ সময় দক্ষিণ সুরমা উপজেলা, ইউনিয়ন, ওযার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক জনসাধারণ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন। দোয়ার পরে শিরনী বিতরণ করা হয়।
এম সি




