ছবি নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখায় ধান খাওয়ার অপরাধে অমানবিকভাবে একটি বাছুরের পা কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা উপজেলার দক্ষিন শাহাবাজপুর ইউনিয়নের বিছরাবন্দ এলাকায় বোবা পশুটির সাথে অমানবিক এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বাছুরের মালিক দিনমজুর ছফর উদ্দিন দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
থানায় দাখিলকৃত অভিযোগসূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিছরাবন্দ গ্রামের দিনমজুর ছফর উদ্দিনের পালিত ৭ মাস বয়সের একটি ফিজিয়ান জাতের বকনা বাছুর একই এলাকার মৃত আরজ আলীর ছেলে ময়না মিয়ার ধানি জমিতে প্রবেশ করে ধান খেয়ে ফেলে। এ সময় জমির মালিক ময়না মিয়া ধারালো দা দিয়ে বাছুরটির ডান পায়ের গোড়ালি হাড়সহ কেটে দেন। তিনি নিজের হাতে থাকা লাঠি দিয়ে বাছুরটি শরীরে এলোপাতাড়ি আঘাতও করেন। খবর পেয়ে বাছুরের মালিক ছফর উদ্দিন ও তার স্ত্রী বাছুরটি উদ্ধার করতে গেলে তাদেরকে হত্যার হুমকি দেন ময়না মিয়া। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর অবস্থায় বছুরটিকে উদ্ধার করে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
বাছুরের মালিক ছফর উদ্দিন জানান, তার একমাত্র সম্বল ফিজিয়ান জাতের একটি গাভী ও বাছুর। অমানবিক নির্যাতনের কারণে বাছুরটির পায়ের রগ ও গোড়ালি কেটে গেছে। হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছেন। কিন্তু রক্তক্ষরন বন্ধ হচ্ছে না। যে কোনো সময় বাছুরটি মারা যেতে পারে। এটি মারা গেলে অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হবে। এ অমানবিক ঘটনার সাথে জড়িত ময়না মিয়া ও তার ছেলে আব্দুল হকের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা / আরআর




